সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না, তাদের নিয়েও আমরা কাজ করব।’
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নেন। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে সরকার কাজ শুরু করে।
মন্ত্রী বলেন, নিয়োগের জন্য সংশ্লিষ্টদের চূড়ান্ত আবেদন পাওয়ার পর তাদের যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। তবে অনেকের ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন কারণে যাচাই প্রক্রিয়ায় জটিলতা দেখা দিয়েছে।
তিনি বলেন, ‘ডিপিও ইস্যু করে নিয়োগপত্র। তখন দেখা গেছে, তাদের ভেরিফিকেশন এবং অনেকেই ঠিকানা পরিবর্তন করেছেন। সেগুলো পর্যায়ক্রমে তারা দিচ্ছেন।’
শিক্ষামন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে প্রার্থীদের ভেরিফিকেশন ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাদের প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণে রেখে পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, ‘যাদের হয়নি, সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং রিভিউ করছি। ১ অক্টোবর পর্যন্ত এটা চলবে।’
কুশল/সাএ
সর্বশেষ খবর