চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটের দেবব্রত দাসের মাছের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিলেছে মাছে কারচুপির সন্ধান। দেবব্রত দামি মাছের সঙ্গে কম দামি মাছ মিশিয়ে বিক্রি করার পাশাপাশি মাছের দামেও করছিলেন কারচুপি৷ আর এসব অভিযোগে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন মিষ্টান্ন ও দুগ্ধজাত পণ্য বিক্রি, অননুমোদিত ক্ষতিকর রং ও কেমিক্যাল বিক্রি এবং মাছ বিক্রিতে কারচুপির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়৷
দপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে দেশি ডেইরি অ্যান্ড দই ঘরে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও দুগ্ধজাত পণ্য বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মানিক স্টোরে অনুমোদনহীন ও ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ এবং অনুমোদনহীন কেমিক্যাল কেওড়াজল বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পণ্য বাজারজাত বা বিক্রি করা হলে আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর