যশোরে মঙ্গলবার বিকেলে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাস থেকে দুই নারী মাদক ব্যবসায়িকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোরের সদস্যরা আটক করেছে।
আটককৃতরা হলেন, বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়া এলাকার আবু বাক্কারের স্ত্রী মনজুরা ওরফে মনজুরা বুড়ি ও একই এলাকার রিজাউল করিমের স্ত্রী মোছা. শিউলি বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী ঢাকা মেট্রো-ব ১২-৫৩১৭ নম্বরের ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে তল্লাশি চালানো হয়। অভিযানে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
অধিদপ্তরের দাবি, তাদের কাছ থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর