অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পণ্যে যথাযথ লেবেলিং না থাকায় ময়মনসিংহ নগরের দুটি বেকারিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরের খাগডহর ও জিলা স্কুল রেলক্রসিং এলাকায় বিভিন্ন বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন। অভিযান সূত্রে জানা যায়, খাগডহর বাজারের ঢোলাদিয়া এলাকার ঢাকা লিটন বেকারি এবং আকুয়া মাদ্রাসা কোয়ার্টার (রেলক্রসিং) এলাকার প্রিমিয়াম লাইভ বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং খাদ্যপণ্যে যথাযথ লেবেলিং না থাকার বিষয়টি ধরা পড়ে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পৃথক দুটি মামলায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট বেকারি মালিকদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যপণ্যে যথাযথ লেবেলিং নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখার নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন, ময়মনসিংহ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর