মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ১১৫টির বেশি হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের কয়েকশ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এপির এক বিশ্লেষণে স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে এসব তথ্য উঠে এসেছে। বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে দুই ডজনের বেশি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার প্রধান লক্ষ্য ছিল প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা। এরপর সামরিক বিমান ও বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু করার পর কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালানো হয়। এসব হামলায় ঘাঁটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার, বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি ১০টি ভবন ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে।
এপির বিশ্লেষণ অনুযায়ী, এসব হামলায় মার্কিন সামরিক অবকাঠামো ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক সরঞ্জাম সংরক্ষণের গুদাম এবং নজরদারি ব্যবস্থাগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে তৈরি এ বিশ্লেষণে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের হামলার পরিধি সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর