চট্টগ্রাম নগরীর খুলশীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে ।
নিহত কিশোর হৃদয় (১৬)। ফুটপাতে সবজি বিক্রি করত বলে তার দৃষ্টি প্রতিবন্ধী বাবা জানিয়েছেন। ওই এলাকার একটি বাসায় হৃদয় বসবাস করতেন৷
পরিবারের সদস্যদের বরাতে খুলশী থানার ওসি আবদুর রহিম জানান, রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়।
“পরে তার পরিবারের সদস্যরা তাকে ছুরিকাঘাতের খবর পান। হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, প্রাথমিকভাবে সবজির দোকান থেকে চাঁদাবাজি ও সিনিয়র-জুনিয়র বিরোধের একটি বিষয় সামনে এসেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং এক পুলিশ কর্মকর্তা জানান, হৃদয় ও তার দৃষ্টি প্রতিবন্ধী বাবা ফুটপাতে সবজির দোকান করতেন। দোকান থেকে টাকা আদায়কারীদের সঙ্গে কয়েকদিন আগে হৃদয়ের ঝগড়া হয়।
রাতে সেই বিরোধ মিমাংসার কথা বলে হৃদয়কে স্থানীয় এক নেতার কার্যালয়ে ডেকে নেওয়া হয়েছিল। সেখান থেকে বের হয়ে বাসায় ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয় বলে স্থানীয়দের ভাষ্য।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর