দূর্বৃত্তদের গুলিতে নিহত হওয়া ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির বিচারসহ ৩ দাবিতে সারাদেশ জুড়ে ৩১ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আগামী ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ওই কর্মসূচি শুরু হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা।
সংবাদ সম্মেলনে জুমা বলেন, ‘আগামী ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হবে। দেশের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে কর্মসূচির ১৫তম দিনে সাভারে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় এসে ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করা হবে। শাহবাগের মহাসমাবেশের পর আবার টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। কর্মসূচির ৩১তম দিনে, ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে শেষ হবে।’
এ সময় তিনি ৩ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— শহীদ উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা; জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর