যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ছবিটি আসল নাকি কৃত্রিম—তা নিয়েও বিভিন্ন ধরনের দাবি ছড়িয়ে পড়ে।
শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও বাংলাদেশ), বিএনপি, বিএনপির মিডিয়া সেল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করা হয়।
পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, ছবিটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের সময়ের। হোয়াইট হাউসের সৌজন্যে ছবিটি প্রকাশ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এর আগে গত ২২ সেপ্টেম্বর একটি নৈশভোজে তারেক রহমানের অংশ নেওয়ার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ওই অনুষ্ঠানের ১০ দিন পর প্রকাশ্যে আসে ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবিটি।
ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকজন ব্যবহারকারী দাবি করেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে। এমন দাবি করা ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ সমর্থকরাও রয়েছেন।
তবে দাবিটির সত্যতা যাচাইয়ে ছবিটির কি-ফ্রেম সার্চ ও ডিজিটাল ছবি শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হয়। রিভার্স ইমেজ সার্চে ছবিটি অন্য কোনো প্রেসিডেন্টের ছবি থেকে ফটোশপ করে তৈরি করা হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া একাধিক এআই শনাক্তকরণ টুলে ছবিটি পরীক্ষা করেও সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি এআই দিয়ে তৈরি বা ফটোশপ করা হয়েছে—এমন যে দাবি ছড়িয়েছে, যাচাইয়ে তার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর