• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৯:৪৭ সকাল

মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান, চলছে তল্লাশি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উপকূলে ছয়জন আরোহী নিয়ে একটি মেডিকেল বিমান নিখোঁজ হয়েছে। শনিবার ভোরে বোস্টনের উদ্দেশে যাত্রা করা বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে সেটির সন্ধানে আকাশ ও সমুদ্রে তল্লাশি চালাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) স্থানীয় সময় রাত ১টার কিছু পর গালফস্ট্রিম জি-১০০ বিমানটির সঙ্গে যোগাযোগ হারায়। এরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

মার্কিন কোস্টগার্ডের নর্থইস্ট ডিস্ট্রিক্ট জানিয়েছে, ম্যাসাচুসেটসের উপকূলের নান্টাকেট দ্বীপের কাছে বিমান ও জলপথে তল্লাশি চালানো হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে অবতরণের কথা ছিল।

কোস্টগার্ডের প্রকাশ করা উড়োজাহাজের নিবন্ধন নম্বর অনুযায়ী, বিমানটির মালিকানা ছিল ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশ থেকে রোগীদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক মেডিকেল ফ্লাইট পরিচালনা করে।

ল্যাটিটিউডের ফ্লাইট অপারেশন্সের পরিচালক ক্ল্যারেন্স টোগেরেটজ কানাডার সংবাদমাধ্যম সিবিসিকে জানান, বিমানে দুই পাইলট ও দুই চিকিৎসাকর্মী ছিলেন। তারা সবাই কানাডীয় নাগরিক। বারমুডা থেকে একজন রোগী ও তার এক স্বজনকে নিয়ে আসার জন্য বিমানটি সেখানে গিয়েছিল। ওই রোগী ও তার স্বজন কানাডীয় নাগরিক নন।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটির উচ্চতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে সেটি দ্রুত নেমে প্রায় ১১ হাজার ফুটে চলে আসে।

এদিকে, বিমানটির পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগেও সমস্যার ইঙ্গিত পাওয়া গেছে। বোস্টন গ্লোবের প্রতিবেদনে লাইভএটিসি ডটনেট থেকে পাওয়া রেডিও যোগাযোগের বরাত দিয়ে বলা হয়েছে, নিয়ন্ত্রক পাইলটকে জিজ্ঞেস করেন, তিনি কি ‘ব্লাইন্ড’ অবস্থায় আসছেন এবং জরুরি অবস্থা ঘোষণা করছেন কি না। পাইলটের জবাব স্পষ্টভাবে শোনা যায়নি।

পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিশ্চিত করেন, পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। স্থানীয় জরুরি বিভাগের একজন ফায়ার ডিসপ্যাচারও রাত ১টার পর উদ্ধারকারী দলকে একটি ‘বৈদ্যুতিক সমস্যায়’ পড়া বিমান অবতরণের জন্য প্রস্তুত থাকতে বলেন। পরে তিনি জানান, বিমানটির রেডিও ও রাডার—দুটির সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

নিখোঁজ বিমান ও ছয় আরোহীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]