ভারতের পাঞ্জাবের অমৃতসরে এলজিবিটিকিউ ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট মাদ সান্ধুকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় মাদ সান্ধুকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাদ সান্ধুর পুরো নাম মধুসূদন। মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিতির পাশাপাশি চলচ্চিত্র, ফ্যাশন ও লিঙ্গবিষয়ক বিভিন্ন আলোচনায়ও তিনি সক্রিয় ছিলেন। বিভিন্ন পডকাস্টে অতিথি হিসেবে অংশ নেওয়া এই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে সমকামিতা নিয়ে প্রায়ই অনলাইন ট্রলের শিকার হতেন।
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কস্টিউম ডিজাইনার ও স্টাইলিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন মাদ সান্ধু। পরে ইনস্টাগ্রামের রিল ও বিভিন্ন ভাইরাল ভিডিওর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। কয়েকটি পাঞ্জাবি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি, যার মধ্যে ‘ও পল্লে ওয়েরে’ উল্লেখযোগ্য।
হত্যাকাণ্ডের পর ‘গোল্ডি ধিলোঁ’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে হত্যার দায় স্বীকার করে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে মাদ সান্ধুর বিরুদ্ধে পাঞ্জাবকে ‘নষ্ট করার’ অভিযোগ তোলা হয়। তবে পোস্টটির সত্যতা এখনো নিশ্চিত হয়নি। অতিরিক্ত পুলিশ কমিশনার সিরিভেনেলা জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি মাদ সান্ধুর ওপর গুলি চালায় এবং দায় স্বীকারের পোস্টটি পুলিশ খতিয়ে দেখছে।
এর আগে গত বছরের জুনে পাঞ্জাবের ভাতিন্দায় ‘কমল কৌর ভাবি’ নামে আরেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে হত্যার ঘটনা ঘটে। তার সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়েও বিতর্ক ছিল।
কুশল/সাএ
সর্বশেষ খবর