• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
বারিউল আলম শান্ত
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৩:০০ দুপুর

রামেবি উপাচার্যকে অবরুদ্ধ, পদত্যাগে বাধ্য করার অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। একই সময় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ‘রাজশাহী আপামর ছাত্র-জনতা’র ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল নিয়ে রামেবির অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করে। পরে তারা উপাচার্যের কক্ষে গিয়ে তাঁকে অবরুদ্ধ করেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ে প্রবেশের পর ওই ব্যক্তিরা উপাচার্যকে বিভিন্ন ধরনের হুমকি ও চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে তাঁকে একটি পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে । পদত্যাগপত্রে স্বাক্ষরের প্রায় পাঁচ মিনিট পর উপাচার্য কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেলে করে চলে যান। এ সময় তাঁকে ভীত ও সন্ত্রস্ত অবস্থায় দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।

ঘটনার সময় উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইনকেও মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় রামেবির অস্থায়ী কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে কার্যালয়ে অবস্থান নেয়।

রামেবি উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইন বলেন, “ঘটনার পর থেকে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কার্যালয়ে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নিরাপত্তাসংক্রান্ত তথ্য ও ভিডিও ফুটেজও চলে গেছে।”

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে রামেবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিভিন্ন মহল থেকে তাঁর পদত্যাগের দাবি জানানো হয়ে আসছিল। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা-সমালোচনাও হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে উপাচার্যের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চলতি বছরের আগস্টেও বিভিন্ন ব্যানারে তাঁর পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করা হয়। এর আগে ২০২৪ সালে চার বছরের মেয়াদে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক। সে হিসাবে তাঁর নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই মঙ্গলবার তাঁকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠল।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]