যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ বগুড়ার শেরপুর থানার নওয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে পিকআপ ভ্যানটি যশোরের দিকে যাচ্ছিল। পথে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির পিকআপ ভ্যানটি রাস্তার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাভারন হাইওয়ে ফাঁড়ির এসআই আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি হেফাজতে নিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর