• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১১:১৫ দুপুর

বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই বাংলাদেশের কোনো শহর

ছবি: সংগৃহীত

বড় অবকাঠামো কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেই কোনো শহরকে বাসযোগ্য ও ভালো শহর বলা যায় না। এর সঙ্গে প্রয়োজন দূষণমুক্ত পরিবেশ, মানসম্মত নাগরিক সেবা, সুশাসন ও টেকসই অর্থনীতি। এসব সূচকে পিছিয়ে থাকায় বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের কোনো শহরের। বরং এক বছরের ব্যবধানে দেশের বড় শহরগুলোর বৈশ্বিক অবস্থান আরও পিছিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের ১৬৩টি দেশের এক হাজার শহরকে অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসন—এই পাঁচটি সূচকে মূল্যায়ন করা হয়েছে।

তালিকায় বাংলাদেশের আটটি শহরের মধ্যে এগিয়ে রয়েছে ঢাকা। তবে গত বছর ৪৮২তম অবস্থানে থাকা রাজধানী এবার ৩৩ ধাপ পিছিয়ে ৫১৫তম অবস্থানে রয়েছে। ফলে বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ পড়েছে ঢাকা।

দেশের অন্যান্য শহরের অবস্থানও খুব একটা আশাব্যঞ্জক নয়। রাজশাহী ৬৬ ধাপ পিছিয়ে ৭৭৯তম, চট্টগ্রাম ১৪ ধাপ পিছিয়ে ৭৬৩তম এবং খুলনা ৮১১তম অবস্থানে রয়েছে। সিলেট ৮৩৪তম, ময়মনসিংহ ৮৯৫তম এবং বগুড়া ৩২ ধাপ পিছিয়ে ৯২৬তম অবস্থানে রয়েছে। শুধু কুমিল্লা আগের অবস্থান ধরে রেখে ৮৮৩তম স্থানে রয়েছে।

অক্সফোর্ড ইকোনমিকসের সূচকে অর্থনীতির জন্য ৩০, মানবসম্পদের জন্য ২৫, জীবনযাত্রার মানের জন্য ২৫ এবং পরিবেশ ও শাসনের জন্য ১০ করে মোট ১০০ নম্বর রাখা হয়েছে। শহরের অর্থনীতির আকার ও প্রবৃদ্ধি, শিক্ষা, ব্যবসার পরিবেশ, জনমিতিক প্রবণতা, স্বাস্থ্য, আর্থিক অবস্থা, নাগরিক সুবিধা, পরিবেশ, জলবায়ু ঝুঁকি, রাজনৈতিক স্থিতিশীলতা ও নাগরিক অধিকার বিবেচনায় নিয়ে সামগ্রিক অবস্থান নির্ধারণ করা হয়েছে।

সূচকভিত্তিক হিসাবে অর্থনীতিতে বাংলাদেশের শহরগুলোর মধ্যে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে ঢাকা। এ সূচকে রাজধানীর অবস্থান বিশ্বে ২৮৬তম। মানবসম্পদ সূচকে ঢাকার অবস্থান আরও ভালো—১৭৮তম। তবে পরিবেশগত সূচকে ঢাকার অবস্থান ৯৩০তম। ফলে অর্থনীতি ও মানবসম্পদের তুলনামূলক ভালো অবস্থানও সামগ্রিক র‍্যাংকিংয়ে ঢাকাকে এগিয়ে রাখতে পারেনি।

পরিবেশ সূচকে বাংলাদেশের শহরগুলোর অবস্থান বিশেষভাবে দুর্বল। এ সূচকে সিলেট ৭৩৫তম, রাজশাহী ৮৫২তম, ময়মনসিংহ ৯৪০তম, চট্টগ্রাম ৯২৪তম এবং খুলনা ৯৭৪তম অবস্থানে রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক এম মিজানুর রহমান বলেন, রাজশাহীর পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। বায়ুদূষণ বৃদ্ধি, গাছপালা কমে যাওয়া, তীব্র গরম, বরেন্দ্র অঞ্চলের পানি সংকট এবং নদীদূষণ শহরটির পরিবেশের ওপর চাপ তৈরি করছে।

জীবনযাত্রার মানের সূচকে বাংলাদেশের শহরগুলোর মধ্যে এগিয়ে রয়েছে রাজশাহী। বিশ্বে এ সূচকে শহরটির অবস্থান ৫৪২তম। এরপর খুলনা ৬১২তম এবং চট্টগ্রাম ৬৫৩তম অবস্থানে রয়েছে।

নগর বিশেষজ্ঞদের মতে, শহরের বাসযোগ্যতা নিশ্চিত করতে শুধু নতুন অবকাঠামো নির্মাণ করলেই হবে না; বিদ্যমান অবকাঠামোর কার্যকর ব্যবস্থাপনাও জরুরি। অতিরিক্ত জনসংখ্যার চাপ, যানজট, দূষণ, জলাবদ্ধতা, পানির সংকট এবং নাগরিক সেবার সীমাবদ্ধতা নগরজীবনের মান কমিয়ে দিচ্ছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মো. মহিনুজ্জামান বলেন, ঢাকা ও চট্টগ্রামের মতো শহরে একই সঙ্গে জলাবদ্ধতা ও পানির সংকট দেখা যাচ্ছে। বৃষ্টির সময় রাস্তা পানিতে ডুবে যায়, আবার বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় পানির সংকট থাকে। এ পরিস্থিতি শহরগুলোর পরিবেশগত ঝুঁকি স্পষ্ট করে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ওপর বাড়তি জনসংখ্যার চাপ কমাতে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণ জরুরি। জেলা ও উপজেলা পর্যায়ে বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো গেলে কাজের সন্ধানে রাজধানীমুখী মানুষের চাপ কমানো সম্ভব।

একই সঙ্গে পরিকল্পিত আবাসন, পরিবেশ সংরক্ষণ, গণপরিবহন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। অন্যথায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়ন হলেও বাংলাদেশের শহরগুলোর বাসযোগ্যতা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো কঠিন হবে।

গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের শীর্ষ পাঁচ শহর হলো নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকো। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের শহরগুলোর চেয়ে এগিয়ে রয়েছে ভারতের দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই ও হায়দরাবাদ।

এদিকে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২৬ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সেও ঢাকার অবস্থান নিয়ে নেতিবাচক চিত্র উঠে এসেছে। দুটি আন্তর্জাতিক সূচকের ফলাফলই রাজধানীসহ বাংলাদেশের শহরগুলোর পরিবেশ, নাগরিক সুবিধা ও জীবনযাত্রার মান উন্নয়নের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]