সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আনোয়ার হোসেন খান জ্যোতি সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় রাজনীতিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবেও তার পরিচিতি রয়েছে। জ্যোতি হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, একটি রাজনৈতিক মামলায় জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় এবং কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জ্যোতিকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর