রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্রাম পুলিশ সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রস্তুতিমূলক সভা ডেকেছে স্থানীয় সরকার বিভাগ। বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের এক নোটিশে এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
গ্রাম পুলিশ ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে থানা পুলিশকে সহায়তা, পাহারা ও টহল এবং সরকারি বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দায়িত্বের তুলনায় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা কম বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন সদস্যরা।
গ্রাম পুলিশের বিভিন্ন সংগঠন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, বেতন গ্রেড পুনর্নির্ধারণ, রেশন, চিকিৎসা ও ঝুঁকি ভাতা, বকেয়া বেতন পরিশোধ এবং অবসরকালীন আর্থিক সুবিধাসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছে। সমাবেশকে ঘিরে এসব দাবি গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর