ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা,১০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে জেলার ধোবাউড়া থানার দক্ষিণ মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হকের নেতৃত্বে এসআই খায়রুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একরামুল ইসলাম (৩৮) ও জয়নাল আবেদীন (৪০)। একরামুলের বাড়ি ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মৃত আবদুল মতিন। জয়নাল আবেদীনের বাড়ি একই উপজেলার উত্তর রানীপুর এলাকায়। তাঁর বাবার নাম আবদুল হাই। পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য এক লাখ টাকা, হেরোইনের মূল্য এক লাখ টাকা এবং মোটরসাইকেলটির মূল্য এক লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করছে পুলিশ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর