• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ১২:১৯ রাত

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু মানুষ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। ঘটনার পর বিমানবন্দরের বিভিন্ন এলাকা থেকে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদগামী একাধিক ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে অথবা বাতিল করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স দুজন প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবগত আরও দুজনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, শনিবার (১০ অক্টোবর) বিস্ফোরণের পর বিমানবন্দরের ভেতরে বেশ কয়েকজনকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছেন তিনি। এ সময় এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স দ্রুত বিমানবন্দরের দিকে যেতে দেখা যায়।

ঘটনার বিষয়ে জানতে সৌদি সরকারের মিডিয়া অফিস ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বিমান চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে এবং বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে।

কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় সৌদি আরবের রাজধানীতে যাওয়া ও সেখান থেকে আসার ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান সংস্থাটি এ সিদ্ধান্তের কারণ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করেছে।

এর আগে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজও তাদের নিজ নিজ হাব বিমানবন্দর থেকে রিয়াদগামী এবং রিয়াদ থেকে ছেড়ে যাওয়ার একাধিক ফ্লাইট বাতিল করে। কিছু ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত সোমবার পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ও বৃহস্পতিবারও রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। ওই হামলাগুলোতে চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া একটি উড়োজাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।

তবে শনিবারের বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে হুথিদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হুথিরা সম্প্রতি বিমান সংস্থাগুলোকে সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকার চলতি মাসের শুরুতে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর গোষ্ঠীটি সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা হিসেবে ঘোষণা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিয়াদে বড় কয়েকটি জ্বালানি ও বিনিয়োগবিষয়ক সম্মেলন আয়োজনের কথা রয়েছে। বিমানবন্দরে হামলা ও ফ্লাইট চলাচলে বিঘ্নের মধ্যেও শনিবার সম্মেলনগুলোর আয়োজকেরা জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন তাঁরা।

পরিস্থিতির কারণে বিমান চলাচল ও আন্তর্জাতিক যাত্রী পরিবহনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ, হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এবং বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]