রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। এতে রাশিয়ার তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনো উচ্চপর্যায়ে রয়েছে। এর ফলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৭ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৩ ডলার ৩৫ সেন্টে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৯০ ডলার ৫৫ সেন্টে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা বিশ্ববাজারে দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। ফলে আগামী দিনে তেলের দামের গতিপথ নির্ভর করবে যুদ্ধ পরিস্থিতি, রাশিয়ার তেল সরবরাহ এবং বৈশ্বিক বাজারে জ্বালানির চাহিদা ও জোগানের ওপর।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর