ভারতের দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটকের পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। রোববার (১১ অক্টোবর) দিল্লির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের মুক্তি দেওয়া হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। এ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং সংগঠনটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। পরে তাদের মুক্তির নির্দেশ দেওয়া হলে তিন নেতাকে ছেড়ে দেওয়া হয়।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম এবং ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ বা অপসারণ দাবি করে আসছে সিজেপি। এসব অভিযোগের প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এদিকে, দিল্লিতে ধরপাকড়ের পরও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে প্রতিদিন মিছিল করার কথাও জানিয়েছেন সংগঠনটির নেতারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর