ভারতের রাজধানী নয়াদিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনে (এনসিআর) রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) অতিবৃষ্টি ও বজ্রপাতের কারণে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এই সতর্কতা জারি করেছে।
হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়, সোমবার সকাল থেকেই রাজধানী নয়াদিল্লি ও এনসিআর এলাকায় ভারি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। নয়ডা, গুরগাঁও ও গাজিয়াবাদেও ভারি বৃষ্টি ঝরেছে। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। এতে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।
ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ তীব্র বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে আইএমডি, যা সকাল ৯টা পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল।
এদিকে মধ্য দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালান মন্দিরের কাছে ভারি বৃষ্টির ফলে জল জমে গেছে। সকালের কর্মব্যস্ত সময়ে এই বৃষ্টিপাতের ফলে পুরো অঞ্চলে যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
ভোরের বৃষ্টি সত্ত্বেও আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ছয় দিন দিল্লিতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী দিনগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর