• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৩:৫১ দুপুর

আইজেনকটের সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রী হতে রাজি নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে গাদি আইজেনকটকে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, প্রথমে প্রধানমন্ত্রী হবেন আইজেনকট এবং পরে দায়িত্ব নেবেন নেতানিয়াহু। শুক্রবার রাতে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু এমন একটি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এ বিষয়ে তাঁর ঘনিষ্ঠ মহলে মতভেদ রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা চ্যানেল ১৩-কে জানিয়েছেন, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে এ উদ্যোগ নিয়ে বিভক্ত মতামত রয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে ইতোমধ্যে আইজেনকটের কাছে এ প্রস্তাব পৌঁছানো হয়েছে। এর ফলে লিকুদ পার্টি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়ার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ রাখতে চাচ্ছে। তবে এ ধরনের সমঝোতার শর্ত নিয়ে দলটির ভেতরেও মতভেদ রয়েছে।

তবে নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে যথেষ্ট সন্দিহান আইজেনকট। চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি আগামী সপ্তাহেই নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ৬ ডিসেম্বর তাঁর সরকার গঠনের প্রাথমিক সময়সীমা শেষ হওয়ার কথা। প্রয়োজনে তিনি প্রেসিডেন্টের কাছে আরও ১৪ দিনের সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

এদিকে, ইসরায়েল বেইতেনু পার্টির চেয়ারম্যান আভিগদর লিবারম্যান শুক্রবার সতর্ক করে বলেছেন, আইজেনকটকে পালাক্রমে প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হলে সেটি হতে পারে নতুন সরকার গঠন বাধাগ্রস্ত করার একটি রাজনৈতিক কৌশল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিবারম্যান বলেন, পরিবর্তনের সরকার গঠনের প্রক্রিয়া এগোচ্ছে। নেতানিয়াহু আইজেনকটকে পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিতে পারেন, যেখানে নেতানিয়াহু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবেন। তবে সবাইকে বুঝতে হবে, এটি কেবল একটি কৌশল।

লিবারম্যানের অভিযোগ, নেতানিয়াহু আসলে নতুন নির্বাচন চান। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যের সরকার গঠনের আলোচনা চালিয়ে যাবেন এবং পরে আলোচনা ভেঙে দেওয়ার অজুহাত তৈরি করবেন। এমনকি লিকুদকে নিয়ে ঐক্যের সরকার গঠিত হলেও কয়েক মাসের মধ্যে সংকট তৈরি করে দেশকে আবার নির্বাচনের দিকে ঠেলে দিতে পারেন তিনি।

এদিকে, আইজেনকট তাঁর সম্ভাব্য জোটসঙ্গী লিবারম্যান ও ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলানকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁদের অনুমতি ছাড়া নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের চেষ্টা করবেন না।

প্রতিবেদন অনুযায়ী, আইজেনকটের জোটের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, বিয়াখাদ পার্টির চেয়ারম্যান নাফতালি বেনেট চান, নেতানিয়াহুর সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আইজেনকটের নেতৃত্বাধীন সরকার গঠিত হলে তিনি তার বিপক্ষে ভোট দেবেন। আইজেনকটের জোটে থাকা দলগুলোর মধ্যে বিয়াখাদই এখন পর্যন্ত ইয়াশার পার্টির সঙ্গে জোট চুক্তিতে পৌঁছাতে পারেনি।

বর্তমানে বেনেটসহ আইজেনকটের চারদলীয় জোটের আসনসংখ্যা ৪৮, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে কম। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাঁদের আরব নেতৃত্বাধীন দুটি দল, অতি-গোঁড়া ইহুদি দুটি দল অথবা উভয় পক্ষের সমর্থন নিতে হতে পারে।

আইজেনকটের পছন্দের সম্ভাব্য সমীকরণের মধ্যে রয়েছে অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুদাইজম এবং তুলনামূলক মধ্যপন্থী আরব দল রা'আমকে নিয়ে সরকার গঠন। তবে এমন সমঝোতা তাঁর জোটের কয়েকজন নেতার নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে আইজেনকট বলেন, লিকুদের সঙ্গে ঐক্যের সরকার গঠনে তিনি সমঝোতা করতে প্রস্তুত। কিন্তু দলটি আন্তরিকভাবে আলোচনা করতে আগ্রহী নয়।

তিনি জানান, গত দুই সপ্তাহে ইয়াশার ও লিকুদের আলোচনাকারী দল মাত্র পাঁচবার বৈঠক করেছে। আরও ঘন ঘন বৈঠকের অনুরোধও প্রত্যাখ্যান করেছে লিকুদ।

আইজেনকটের অভিযোগ, হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন, সরকার থেকে উগ্রপন্থীদের সরিয়ে দেওয়া এবং সবার জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করার আইন নিয়ে আলোচনা করতে রাজি হয়নি লিকুদ।

তিনি বলেন, লিকুদ ঐক্যের সরকারের নামে সবচেয়ে খারাপ প্রস্তাবটি দিয়েছে—একই সরকার, একই শরিক, কোনো পরিবর্তন নেই, সামরিক নিয়োগ আইনও নেই।

আইজেনকট আরও বলেন, লিকুদ আন্তরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে অংশীদারত্বে আগ্রহী হলে তাঁর দরজা খোলা রয়েছে।

উল্লেখ্য, সামরিক বাহিনীতে অতি-গোঁড়া ইহুদি তরুণদের নিয়োগ এবং তাঁদের দীর্ঘদিনের অব্যাহতি বাতিল করা গত মাসের নির্বাচনে আইজেনকটের জোটের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। এ বিষয়ে মতপার্থক্যের কারণে বেনেট ও আইজেনকটের বৈঠকও পিছিয়েছে। আগামী রোববার তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]