• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ দুপুর

মার্কিন সামরিক বাহিনীর বিশাল ক্লাউড প্ল্যাটফর্মে সাইবার হামলা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলা চালিয়ে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। এতে সামরিক বাহিনীর কৌশলগত, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য এবং রসদ ব্যবস্থাপনার বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শুক্রবার (২৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক মাস আগে সিস্টেমটির আধুনিকায়নের কাজ চলার সময় ক্লাউড ওয়ানে অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এ ঘটনার পর পুরো প্ল্যাটফর্মের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

এ বিষয়ে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও সামরিক সক্ষমতা সুরক্ষায় নিয়মিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সামরিক তথ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম

২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানকে মার্কিন বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনার কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তিগত সক্ষমতা একত্র করে এতে বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালনা করা হয়। এসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সামরিক কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, বেতন, রসদ সরবরাহ ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হয়।

এই প্ল্যাটফর্মের আওতায় রয়েছে বিমানবাহিনীর ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা। এর মাধ্যমে উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ অন্যান্য তথ্য একত্র করা হয়।

এ ছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। বিশ্বের ২০০টিরও বেশি মার্কিন বিমানবাহিনীর স্থাপনায় বোমা ও ক্ষেপণাস্ত্রের অবস্থান এবং ব্যবস্থাপনা পর্যবেক্ষণে এটি ব্যবহৃত হয়।

রয়টার্সের দুই সূত্রের তথ্য অনুযায়ী, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। এ ধরনের ব্যবস্থায় অনুপ্রবেশকে বড় ধরনের নিরাপত্তা সংকট হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ঘটনার ক্ষয়ক্ষতি মূল্যায়নে মার্কিন সামরিক বাহিনীর সাইবার ইউনিট সাইবার কমান্ডকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।

ব্যাহত সামরিক কার্যক্রম

হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন প্রশাসনিক অ্যাপ্লিকেশন ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।

ইতিমধ্যে ক্লাউড ওয়ানে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও আটকে দেওয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে একাধিক গুরুতর সফটওয়্যার দুর্বলতা প্রকাশিত হওয়ার সময় বিমানবাহিনীর কর্মীরা প্রয়োজনীয় নিরাপত্তা সংশোধন করতে পারছেন না। এ ছাড়া কিছু ব্যবহারকারীর প্রশাসনিক প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, হ্যাকাররা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমের ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করে। এই অংশটি পুরো প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের কেন্দ্রীয় ব্যবস্থা হিসেবে কাজ করে।

সূত্রটির ব্যাখ্যা অনুযায়ী, কন্ট্রোল প্লেনে প্রবেশের সুযোগ পেলে তাত্ত্বিকভাবে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব। তবে এই ঘটনায় হ্যাকাররা বাস্তবে এসব তথ্য ব্যবহার করেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রে একের পর এক সাইবার হামলা

ক্লাউড ওয়ানে হামলার ঘটনা এমন এক সময়ে সামনে এলো, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে ক্লাউডভিত্তিক নেটওয়ার্কে এ ধরনের হামলা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কারণ, এআই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত বিপুলসংখ্যক নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করা সম্ভব।

এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থায় অন্তত ছয়টি সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দুটি ঘটনায় তথ্যভান্ডারে অনুপ্রবেশ, পেন্টাগনের তথ্য চুরি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থার তথ্য নিরাপত্তা লঙ্ঘন এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেমে সাইবার হামলা।

দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তুতে রয়েছে ক্লাউড ওয়ান। ২০২৩ সালে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে প্ল্যাটফর্মটির কর্মকর্তারা দাবি করেছিলেন, বিপুলসংখ্যক অনুপ্রবেশের চেষ্টা সত্ত্বেও সেগুলো প্রতিহত করতে তাঁরা শতভাগ সফল হয়েছেন।

তবে সাম্প্রতিক এ হামলা মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]