আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ায় সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আবদুল্লাহকে শোকজ নোটিশ দিয়েছিলেন নাহিদ ইসলাম—এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সময় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, ১৯ জুলাই, যখন আন্দোলনে সবচেয়ে বেশি মানুষ শহীদ হন, সেদিন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেন। তাঁর দাবি, ওই সময় আব্দুল কাদেরের ঘোষিত ৯ দফা দাবি বানচাল করতে তাঁরা ৮ দফা কর্মসূচি দেন।
রাশেদ খাঁন আরও দাবি করেন, সেদিন হাসনাত আবদুল্লাহ হাসিব আল ইসলামকে ফোন করে মেস থেকে নিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দিতে যান। আরও কয়েকজনকে ওই বৈঠকে নেওয়ার চেষ্টা করা হলেও শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে চাননি বলে তাঁরা বৈঠকে অংশ নেননি।
পোস্টে তিনি সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন। তাঁর অভিযোগ, গণঅভ্যুত্থানের সময় তাঁরা প্রকাশ্যে জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে ৯ দফা দাবি নস্যাতের ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন।
রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও আন্দোলনের সময় তাঁদের ভূমিকা সঠিক ছিল। তাঁর দাবি, সারজিস আলমকে বহিষ্কারের তথ্য এখনো নেত্র নিউজে রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর