কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অনিশ্চয়তার মুখে পড়া দুই শিশু ইসরাত ও রোজা মনির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। শিশু দুটির পরিবারের জীবিকা নির্বাহে সহায়তা করতে তাদের একটি গাভী উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের মাধ্যমে পরিবারটি ভবিষ্যতে আয়ের একটি টেকসই উৎস গড়ে তুলতে পারবে বলে আশা করা হচ্ছে।
গত ১১ অক্টোবর দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকায় রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কের পাশে পাঁচ বছর বয়সী ইসরাত ও তার দেড় বছর বয়সী ছোট বোন রোজা মনিকে একা কাঁদতে দেখেন স্থানীয়রা। ইসরাতের ভাষ্য অনুযায়ী, চিপস কিনে দেওয়ার কথা বলে তাদের সেখানে নিয়ে আসেন মা। এরপর তাদের একা রেখে তিনি চলে যান। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাকে ফিরে না পেয়ে অসহায় অবস্থায় পড়ে শিশু দুটি।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর মাধ্যমে শিশু দুটির পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে তাদের এক চাচি ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় শিশু দুটিকে নিজের জিম্মায় নেন।
শিশু দুটির পরিস্থিতির খবর জানার পর তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় স্বপ্ন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গাভী পালন ও দুধ বিক্রির মাধ্যমে পরিবারটি নিয়মিত আয় করতে পারবে, যা শিশু দুটির লালন-পালন ও ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা সামাজিক দায়বদ্ধতার অংশ। বিশেষ করে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন। এই উদ্যোগের মাধ্যমে পরিবারটির জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর