• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:২৯ সকাল

নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত হচ্ছে রূপপুর

ছবি: সংগৃহীত

আগামী নভেম্বরের মধ্যেই পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা করছে সরকার। সেই সঙ্গে আগামী বছরের জুন মাসের মধ্যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলেছে। বুধবার (১৪ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বিদ্যুৎকেন্দ্রটির সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকের বিষয়ে জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের হুইপ ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিন বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এবং কমিটির সভাপতি স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের বীর শহিদ এবং ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসগুলোর কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম উপস্থাপন করা হয়।

বৈঠকে উপস্থাপিত বক্তব্যে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন ‘রোসাটম’ কোম্পানির সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আশা করা হচ্ছে— আগামী নভেম্বর মাসের মধ্যে এই মেগা প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। এ ছাড়া দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলেছে।

বৈঠকে প্রকল্পটির নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক নিয়ে বলা হয়, এটি থার্ড জেনারেশনের একটি সর্বাধুনিক ও নিরাপদ পারমাণবিক প্ল্যান্ট। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং বিশেষজ্ঞদের কঠোর তত্ত্বাবধানে এর প্রতিটি ধাপ বাস্তবায়িত হচ্ছে। ফলে এ নিয়ে কোনো ধরনের ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আন্তর্জাতিক এনার্জি বিশেষজ্ঞদের মতেও প্রকল্পটি সঠিক পথেই রয়েছে।

সভায় জানানো হয়, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি দেশের স্বাস্থ্যখাতে নিউক্লিয়ার মেডিসিনের সুফল জেলা পর্যায়ে ছড়িয়ে দেয়ার কাজ এবং দেশের প্রথম রিসার্চ ভেসেল (গবেষণা জাহাজ) নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে। আশা করা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে।

এ ছাড়াও বৈঠকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি জাগ্রত করার লক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করা হয়। সেই সঙ্গে নতুন কিছু উদ্ভাবন করে তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার ওপরও জোর দেয়া হয়।

জাতীয় সংসদে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম ছাড়াও সংসদ সদস্য (এমপি) এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ, এবং মো. আব্দুল গফুর প্রমুখ অংশগ্রহণ করেন। এ ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]