পটুয়াখালীর বাউফলে একই পরিবারের চারজনের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ও চরম আর্থিক দুর্দশা নিয়ে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ও জামায়াতে ইসলামী। দুই পক্ষের উদ্যোগে পরিবারটি নগদ ৩৫ হাজার টাকা ও ১০০ কেজি চাল সহায়তা পেয়েছে। পাশাপাশি নিয়মিত খাদ্যসহায়তা, প্রতিবন্ধী ভাতা, নলকূপ ও চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।
বাউফল উপজেলার বগা ইউনিয়নের ১নং ওয়ার্ড বামনিকাঠি গ্রামের ইউসুফ হাওলাদারের পরিবারের দুর্দশা নিয়ে ছয়জনার পরিবারে চার মানসিক রোগী শিরোনামে বিডি২৪লাইভসহ দেশের একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদটি পটুয়াখালীর জেলা প্রশাসাক নজরে এলে তাঁর নির্দেশনায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ, ০৭নং বগা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো জামাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য গনি মল্লিক সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিবারটির বাড়িতে যান। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে ১০০ কেজি চাল ও নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
পাশাপাশি পরিবারটিকে প্রতি মাসে ৬০ কেজি চাল, যোগ্য সদস্যদের প্রতিবন্ধী ভাতার আওতায় আনা এবং বিশুদ্ধ পানির জন্য একটি নলকূপের ব্যবস্থা করার আশ্বাস দেন।
জানা গেছে, পরিবারটির প্রধান ইউসুফ হাওলাদার (৭০), তাঁর স্ত্রী ফুলচান (৬০), বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা (৩২) দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন বলে স্বজনদের দাবি। অন্যদিকে ছোট ছেলে সবুজ (১৮) নানা শারীরিক অসুস্থতায় আক্রান্ত। অর্থের অভাবে হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসা শেষ না করেই বাড়ি ফিরতে হয়েছিল তাঁকে।
পরিবারটির মেজো ছেলে ছব্দার (২৬) ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর সীমিত আয়েই চলে সংসার। ফলে অসুস্থ সদস্যদের চিকিৎসা ও দৈনন্দিন খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
সংবাদ প্রকাশের পর প্রশাসন ও বিভিন্ন মহলের সহায়তায় পরিবারটির মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অসুস্থ সদস্যদের উন্নত চিকিৎসা এবং নিয়মিত সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর