পটুয়াখালীর বাউফলে একই পরিবারের চারজনের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ও চরম আর্থিক দুর্দশা নিয়ে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নগদ অর্থ, খাদ্যসহয়তা দেয়ার পরে প্রতিবন্ধী ভাতা, গভীর নলকূপ ও চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।
বাউফল উপজেলার বগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বামনিকাঠি গ্রামের ইউসুফ হাওলাদারের পরিবারের দুর্দশা নিয়ে ছয়জনের পরিবারে চার মানসিক রোগী শিরোনামে বিডি২৪লাইভসহ দেশের একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদটি পটুয়াখালীর জেলা প্রশাসকের নজরে এলে তাঁর নির্দেশনায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ পরিবারটির বাড়িতে গিয়ে সদস্যদের খোঁজখবর নেন। এ সময় প্রশাসকের পক্ষ থেকে পরিবারটিকে নগদ ২০ হাজার টাকা ও ১০০ কেজি চাল তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর বগা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য গনি মল্লিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
জানা গেছে, পরিবারটির প্রধান ইউসুফ হাওলাদার (৭০), তাঁর স্ত্রী ফুলচান (৬০), বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা (৩২) দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন বলে স্বজনদের দাবি। অন্যদিকে ছোট ছেলে সবুজ (১৮) নানা শারীরিক অসুস্থতায় আক্রান্ত। অর্থের অভাবে হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসা শেষ না করেই বাড়ি ফিরতে হয়েছিল তাঁকে।
পরিবারটির মেজো ছেলে ছব্দার (২৬) ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর সীমিত আয়েই চলে পুরো সংসার। ফলে অসুস্থ সদস্যদের চিকিৎসা ও দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে।
এ সময় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বিডি২৪লাইভ কে বলেন, পটুয়াখালীর জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে পরিবারটিকে নগদ ২০ হাজার টাকা ও ১০০ কেজি চাল দেওয়া হয়েছে। এরপর প্রতি মাসে তাঁদের প্রয়োজন অনুযায়ী খাদ্যসহায়তা দেওয়া হবে। পাশাপাশি অসুস্থ সদস্যদের চিকিৎসা, প্রতিবন্ধী ভাতা ও একটি গভীর নলকূপের ব্যবস্থা করা হবে। পরিবারটির যেকোনো সমস্যায় সরকার ও প্রশাসন পাশে থাকবে।
সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে অসহায় পরিবারটিতে। স্থানীয়রাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে সাময়িক সহায়তার পাশাপাশি অসুস্থ সদস্যদের উন্নত চিকিৎসা ও নিয়মিত সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর