বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে ভারতেও রাজনৈতিক পটপরিবর্তনের আহ্বান জানানো একটি ভিডিও ঘিরে দেশটির রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিকে কেন্দ্র করে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তাঁর দল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ভাইরাল ভিডিওতে নেহা বোরা নামের এক তরুণীকে বাংলাদেশের সাম্প্রতিক গণআন্দোলনের প্রসঙ্গ তুলে ভারতে একই ধরনের রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানাতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।
ভিডিওতে ওই তরুণী বলেন, বাংলাদেশে তরুণ প্রজন্ম যেভাবে রাজপথে নেমে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছে, ভারতের তরুণদেরও সেভাবে ঐক্যবদ্ধ হয়ে শাসনব্যবস্থার পরিবর্তনে ভূমিকা রাখা উচিত।
তাঁর এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা। একপর্যায়ে বিষয়টি ভারতের ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়।
ভিডিওটি সামনে আসার পর কংগ্রেস ও রাহুল গান্ধীকে নিশানা করে বিজেপি। দলটির অভিযোগ, নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য প্রচার করা হচ্ছে।
বিজেপির দাবি, রাহুল গান্ধী অতীতেও দেশে গণআন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ভাইরাল ভিডিওতে উঠে আসা বক্তব্যকে সেই রাজনৈতিক অবস্থানের সঙ্গে মিলিয়ে দেখছে ক্ষমতাসীন দলটি।
বাংলাদেশের গণঅভ্যুত্থানকে উদাহরণ হিসেবে ব্যবহার করে ভারতে একই ধরনের পরিস্থিতি তৈরির আহ্বান কেন জানানো হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। একই সঙ্গে এর পেছনে রাজনৈতিক মদত বা বিদেশি প্রভাব রয়েছে কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছে দলটি।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। দলটির বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির দেওয়া মন্তব্যের সঙ্গে কংগ্রেস কিংবা রাহুল গান্ধীর সংশ্লিষ্টতার প্রমাণ নেই।
কংগ্রেসের পাল্টা অভিযোগ, দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও তরুণদের অসন্তোষের মতো গুরুত্বপূর্ণ সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরাতেই বিজেপি এ বিতর্ককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
বিরোধীদের দাবি, সরকারের বিভিন্ন নীতি ও ব্যর্থতা নিয়ে তরুণরা প্রশ্ন তুললেই তাঁদের বক্তব্যকে দেশবিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
এদিকে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ভারতের দুই প্রধান রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অবস্থান নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের গণঅভ্যুত্থানের প্রভাব।
তবে ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট, বক্তব্য প্রদানকারী তরুণীর রাজনৈতিক পরিচয় এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের উদাহরণ টেনে ভারতে সরকার পরিবর্তনের আহ্বান ঘিরে শুরু হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত দেশটির রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: আজকাল ইন
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর