আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপসহ জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারের জুড়ীতে বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশ সদস্যদের মোতায়েন, সমন্বিতভাবে দায়িত্ব পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় নম্বরপ্লেটবিহীন ও চালকের বৈধ লাইসেন্স না থাকা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বড়লেখা থানা পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতিও জোরদার করা হয়েছে।
জুড়ী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জুড়ী থানা পুলিশ কাজ করছে। এ লক্ষ্যে পুলিশের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া দুর্গাপূজায় কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর