ভারতের ক্ষমতাসীন সরকারের পরিবর্তন চান অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। তবে সেই পরিবর্তন নির্বাচন ও সাংবিধানিক পদ্ধতিতেই আনা হবে বলে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ ও নেপালের উদাহরণ টেনে তিনি বলেছেন, ভারত ওই দুই দেশের মতো নয়; দেশটিতে সংবিধান ও ভোটাধিকার রয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লিতে প্রস্তাবিত ‘তিরঙ্গা মার্চ’-এর আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করার ঘটনার পর এসব মন্তব্য করেন প্রকাশ রাজ। শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশ রাজ বলেন, ‘আমরা এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাই এবং এ দেশে গণতান্ত্রিকভাবেই তা করব।’ উত্তর প্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াইয়ের কথা উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা নেপাল নই, আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন, গান্ধী আছেন, ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে, ভোট দেওয়ার অধিকার আছে।’
প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে আসছে সিজেপি। শুক্রবার দিল্লিতে দলটির প্রস্তাবিত তিরঙ্গা মার্চের আগে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করা হয়।
প্রকাশ রাজ অভিযোগ করেন, প্রতিবাদকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। তাঁর মতে, সরকার আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোয় সরকার পরিবর্তনের দাবি আরও জোরালো হয়েছে।
শান্তিপূর্ণ প্রতিবাদ ও নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের আহ্বানকে নৈরাজ্য হিসেবে দেখারও সমালোচনা করেন এই অভিনেতা। তিনি বলেন, নাগরিকেরা তাঁদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে প্রশ্ন তুলছেন, প্রতিবাদ করছেন এবং ভোট দেওয়ার অধিকার ব্যবহার করছেন।
প্রকাশ রাজ বলেন, ‘আমরা সশস্ত্র নই। আমাদের শক্তি সংবিধান, আমাদের শক্তি প্রতিবাদ করার অধিকার।’
শুক্রবারের তিরঙ্গা মার্চের আগে আটকের ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির কথা উল্লেখ করে প্রকাশ রাজ বলেন, ‘আমি মোদিজিকে জিজ্ঞাসা করছি, আপনাদের “হর ঘর তিরঙ্গা” স্লোগানের কী হলো? এ দেশের তরুণেরা হাতে জাতীয় পতাকা নিয়ে হাঁটতে চান।’
বিক্ষোভকারীদের ওপর, বিশেষ করে নারীদের ওপর পুলিশি সহিংসতার অভিযোগও করেন প্রকাশ রাজ। এ বিষয়ে বিরোধী দলগুলোকে সংসদের শীতকালীন অধিবেশনে সরব হওয়ার আহ্বান জানান তিনি।
প্রকাশ রাজ আরও বলেন, কৃষক, সংযুক্ত কিষান মোর্চা এবং নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছে। আগামী দিনে আরও বেশি মানুষকে নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর