চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে যুবদল নেতা সাদ্দামের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত বাপ্পি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহদাবাদ এলাকার মৃত আলী আহমদের ছেলে। আহত শাওন একই এলাকার ইউসুফের ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সাদ্দামের কার্যালয়ের সামনে বাপ্পি ও শাওনকে এলোপাতাড়ি মারধর করছেন। একপর্যায়ে হামলাকারীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।
নিহত বাপ্পির ভাই রহিম খান বাবু জানান, দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন। শাওন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থাও সংকটাপন্ন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে স্বজনেরা গুলিবিদ্ধ দুই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করলে তাঁর মরদেহ মর্গে রাখা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মধ্যরাতে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবকের হতাহতের খবর পাওয়া গেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর