মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদক নির্মূলের উদ্দেশ্য নিয়ে কাজ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইশরাক হোসেন নতুনভাবে রাজনীতিতে কাজ শুরু করেছেন। মাদকের বিস্তার বন্ধ করাই তাঁর উদ্দেশ্য ছিল বলে মনে করেন তিনি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় ইশরাককে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।
এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়—এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনাটি নিয়ে বিতর্কের মধ্যে সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক। তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। একই সঙ্গে তিনি বলেন, পদত্যাগের পরও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাবেন।
এদিকে, ইশরাকের হাতে অস্ত্র নিয়ে অভিযানে অংশ নেওয়ার ঘটনাটি খতিয়ে দেখতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর