দেশে হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া ৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জনে। এদের মধ্যে ২৩ হাজার ১৯৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৪ জন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে সর্বশেষ আক্রান্ত ও মৃত্যুর হিসাব প্রকাশ করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
স্বাস্থ্য ও চিকিৎসা এর সর্বশেষ খবর