গ্যাসের দাম ২৫২ টাকা বাড়ার ঘটনাকে ‘খুশির উপলক্ষ’ হিসেবে তুলে ধরে পাঞ্জাবি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান নবীন ফ্যাশন। তবে বিজ্ঞাপনে উল্লেখ করা দামে অনলাইন কিংবা সরাসরি বিক্রয়কেন্দ্র—কোথাও পাঞ্জাবি পাওয়া যায়নি। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৯ অক্টোবর) অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্যাসের দাম ২৫২ টাকা বাড়ার বিষয়টিকে কেন্দ্র করে ওই পরিমাণ বা তার কম দামে পাঞ্জাবি বিক্রির অফার দিয়েছিল নবীন ফ্যাশন। তবে বিজ্ঞাপনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পণ্যটি অনলাইন ও অফলাইন—কোনো মাধ্যমেই পাওয়া যায়নি।
অভিযান শেষে মো. আব্দুল জব্বার মন্ডল সাংবাদিকদের বলেন, বিজ্ঞাপনে গ্যাসের দাম বৃদ্ধিকে আনন্দের উপলক্ষ হিসেবে তুলে ধরে ২৫২ টাকা বা তার কম দামে পাঞ্জাবি বিক্রির কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু বাস্তবে ওই দামে পাঞ্জাবি পাওয়া যায়নি।
তিনি বলেন, গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষ অসন্তুষ্ট। এমন পরিস্থিতিতে দাম বৃদ্ধিকে কেন্দ্র করে খুশির বিজ্ঞাপন দেওয়া আপত্তিকর। ছাড় দেওয়ার বিষয়ে কোনো আপত্তি নেই, তবে প্রতারণামূলক বা চাতুর্যপূর্ণ বিজ্ঞাপন দেওয়ার সুযোগ নেই।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, বিষয়টি নজরে আসার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে এবং এ ঘটনায় ক্ষমাও চেয়েছে।
অভিযানের সময় নবীন ফ্যাশনের ফার্মগেট আউটলেটের এক কর্মচারী সাংবাদিকদের বলেন, বিষয়টি বুঝতে না পেরে তাঁরা ভুল করেছেন। বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে জানান তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর