ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিরোধ ও ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার (২৪ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এক খবর জানানো হয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার আগে রিয়াদ, নাজরান এবং ওয়াদি আল-দাওয়াসির এলাকায় জরুরি সতর্কবার্তা জারি করেছিল সৌদি আরবের সিভিল ডিফেন্স বিভাগ। ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এসব অঞ্চলে সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল, তবে কিছু সময় পর সার্বিক ঝুঁকি কেটে যাওয়ায় সব এলাকা থেকে সেই সতর্কবার্তা প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে হুতিদের পাঠানো একটি ড্রোনও আকাশেই ধ্বংস করার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সামরিক জোটটি।
সৌদি সিভিল ডিফেন্স বিভাগ এক্স-এ প্রকাশিত পৃথক বার্তায় সর্বসাধারণকে নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি আক্রান্ত বা ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জনসমাগম না করা এবং কোনো ধরনের ভিডিও বা ছবি তোলা থেকে বিরত থাকতে জোর তাগিদ দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর