কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালিত হয়েছে, নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ, অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল ও বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বন্ধে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা মৎস্য অধিদপ্তর।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে ভোর ৬টা পর্যন্ত দুধকুমার নদের সামাদের ঘাট থেকে আন্ধারিঝাড় ইউনিয়নের ধাউরার কুঠি পর্যন্ত নদের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে নদ থেকে কয়েক কিলোমিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছু দিন থেকে দুধকুমার নদে অবৈধ কারেন্ট ও চায়না জাল দিয়ে মাছ শিকার এবং আইপিএস ও উচ্চ ক্ষমতা সমপন্ন ব্যাটারি ব্যবহার করে বৈদ্যুতিক শকের মাধ্যমে অবৈধভাবে মাছ শিকার করে আসছে একটি অসাধু চক্র।
এছাড়াও মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশব্যাপী মাছ আহরণে নিষেধাজ্ঞা চলছে, কিন্তু সরকারের এই নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে দুধকুমার নদে মৎস্য আহরণ অব্যাহত রেখেছে জেলেরা, অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ও সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, নদীটি সরু ও বিভিন্ন স্থানে চরবেষ্টিত হওয়ায় দূর থেকেই পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জেলে সরে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে নদীর বিভিন্ন স্থান থেকে কয়েক কিলোমিটার চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়েছে। মৎস্য ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর