মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি এবার সামনের দিকেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে নিজ উদ্যোগে নম্বরপ্লেট স্থাপন করতে হবে মোটরসাইকেল মালিকদের। অন্যথায় নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
গত ১৬ অক্টোবর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি সংযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণ কার্যক্রম আরও জোরদার করতে এবার মোটরসাইকেলের সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিকভাবে মালিকদের নির্ধারিত মান অনুসরণ করে ম্যানুয়াল নম্বরপ্লেট তৈরি ও স্থাপন করতে হবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা বা অতিরিক্ত শোভাবর্ধন করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটিমাত্র অনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে।
স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ
সামনের নম্বরপ্লেটের আকার নির্ধারণের ক্ষেত্রেও আলাদা নির্দেশনা দিয়েছে বিআরটিএ।
স্কুটারের ক্ষেত্রে: নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে: নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এখানেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
বিআরটিএর নির্দেশনায় মোটরসাইকেল মালিকদের নির্ধারিত নকশা, রং ও মাপ অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সামনের নম্বরপ্লেট স্থাপনের আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর