মোংলা কাস্টমসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বিদেশি নাবিকদের হুমকি ও চোরাচালানের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে তাঁর অপসারণ ও বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে কাস্টমস কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে মোংলা কাস্টমস হাউসের সামনে মোংলা বন্দর কাস্টমস ভেন্ডার অ্যাসোসিয়েশন, শিপ চ্যান্ডলার ও ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওই কর্মকর্তা বিদেশি নাবিকদের ভয়ভীতি প্রদর্শন, কাস্টমস-সংক্রান্ত সেবা ও ভেন্ডার ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় এবং জাহাজ থেকে বিদেশি মদ ও সিগারেট নিয়ে বিক্রির সঙ্গে জড়িত। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। কর্মসূচি শেষে মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোঃ গিয়াস কামালের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
অভিযুক্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। কমিশনার মোঃ গিয়াস কামাল অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগগুলো তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর