অবশেষে ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত চালু করা হচ্ছে। সোমবার (২৬ অক্টোবর) থেকে ৭২১/৭২২ নম্বরের এই ট্রেনে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাচ্ছেন।
এতদিন এসব জেলার যাত্রীদের চট্টগ্রামে ট্রেন পরিবর্তন করে কক্সবাজার যেতে হতো। এখন মহানগর এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় যাত্রীরা এক ট্রেনেই গন্তব্যে পৌঁছাতে পারবেন, যা তাদের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনবে।
রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম সোমবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নতুন সময়সূচি অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং সেখান থেকে ১২টা ৩০ মিনিটে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
অন্যদিকে, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং সেখান থেকে রাত ৩টায় রওনা হয়ে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।
ট্রেনটির সাপ্তাহিক ছুটি রবিবার। ২৭০০-এর বেশি আসন বিশিষ্ট এই ট্রেনের টিকিট বিক্রির শুরুতেই ব্যাপক চাহিদা দেখা গেছে। তবে একটি রেক দিয়ে পুরো রুটে ট্রেনটি পরিচালিত হওয়ায় নির্ধারিত সময়সূচি বজায় রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এর আগে একই পদ্ধতিতে পরিচালিত বিজয় এক্সপ্রেসের ক্ষেত্রে দীর্ঘ বিলম্বের নজির থাকায় যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, উদ্বোধনী দিনে মহানগর এক্সপ্রেসের চট্টগ্রাম-ঢাকা রুটের যাত্রা বাতিল করা হয়েছে এবং ট্রেনটির খালি রেক রবিবার রাতে ঢাকায় নিয়ে আসা হয়েছে। উদ্বোধনের প্রাক্কালে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে মন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত থাকবেন।
দীর্ঘ প্রতীক্ষার পর এই ট্রেন চালুর খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। পর্যটন ও ব্যক্তিগত প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে এই নতুন রেলসংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর