ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাসিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকীর নিকট ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি এবং আগ্নেয় অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে তিনটায় ভাঙ্গা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব গুরুতর অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী সাবেক এই ইউপি চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী জানান, গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে অভিযুক্ত সামিউর রহমান মিঠু মোবাইল ফোনের মাধ্যমে তাকে স্থানীয় দরগাবাজারে ডেকে পাঠান। পরবর্তীতে তিনি সেখানে উপস্থিত হলে সামিউর রহমান মিঠু ও তার সহযোগীরা তাকে ঘিরে ধরে। এ সময় আসামি ছরোয়ার ও জহুরুল মুন্সী তাদের কোমরে থাকা আগ্নেয় অস্ত্র বের করে তার দিকে তাক করে প্রাণনাশের হুমকি দেয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাকে অবশ্যই ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করে সন্ত্রাসীরা, চাঁদা না দিলে তাকে গুলি করে হত্যা করা হবে বলেও প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও উল্লেখ করেন, অভিযুক্ত সামিউর রহমান মিঠু এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির লোক। ইতিপূর্বেও সে দরগাবাজার এলাকায় আরাফাত ও নুরুজ্জামান খান নামের ব্যক্তিদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল। ঘটনার দিন পরবর্তীতে স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর পরিবারের সঙ্গে পরামর্শ করে ইতোমধ্যে এ ঘটনায় স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ১০-১২ জনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তার ও তার পরিবারের চরম নিরাপত্তা হীনতার কথা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই বিষয়ে সামিউর রহমান মিঠুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর