রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা নারীর রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে জেলার স্বাস্থ্য বিভাগ।
২৫ অক্টোবর রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি করা হয়েছে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেনকে। কমিটির অপর দুই সদস্য হলেন- গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডাঃ পলাশ কুমার পোদ্দার ও রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ আক্কাছ আলী মন্ডল।
অফিস আদেশে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে সরেজমিনে তদন্ত করে ৫ কর্ম দিবসের মধ্যে সিভিল সার্জনের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বলেন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীর রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্টের বিষয়টি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি। গঠিত কমিটিকে সরেজমিনে তদন্ত করে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাফিয়া খাতুন নামের এক অন্তঃসত্ত্বা নারীর রক্তের গ্রুপ পরীক্ষাকালে গত ৫ই জুলাই 'এ পজিটিভ' (এ+) বলে রিপোর্ট দেওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসা ও রিপোর্টে রোগীর সন্দেহ হলে পরবর্তীতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দুটি পৃথক বেসরকারী ডায়াগনস্টিক ক্লিনিকে গত ৫ই অক্টোবর পুনরায় রক্তের গ্রুপ পরীক্ষা করানো হয়। সেখানে উভয় ল্যাবরেটরির রিপোর্টেই তার রক্তের গ্রুপ 'ও পজিটিভ' (ও+) নিশ্চিত করা হয়। একই ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয়ে সরকারী হাসপাতাল ও বেসরকারী ক্লিনিকের রিপোর্টে এমন বিপরীতমুখী তথ্য আসায় সাফিয়ার পরিবার চরম মানসিক বিভ্রান্তি ও দুশ্চিন্তার মধ্যে পড়ে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর