বিএনপি সরকারকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে—এমন কোনো কর্মকাণ্ড থেকে সব রাজনৈতিক দলকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
সিপিবির মশাল মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ওই স্লোগান দেওয়ার পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা স্পষ্ট নয়। যে স্লোগান ফ্যাসিবাদকে উৎসাহিত করে, তা পরিহার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, বর্তমানে দেশে নির্ভয়ে গণতন্ত্র চর্চার সুযোগ রয়েছে এবং যেকোনো রাজনৈতিক দল কর্মসূচি পালন করতে পারে। তবে কোনো কর্মসূচিতে যেন পতিত স্বৈরাচারকে উৎসাহিত করার মতো উপাদান না থাকে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জনকল্যাণমূলক রাজনীতিতে যুবদলের ভূমিকা প্রত্যাশা
বর্তমান প্রধানমন্ত্রী যে জনকল্যাণমূলক রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে যুবদল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
ফ্যাসিবাদী সরকারের আমলে যুবদলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, সংগ্রাম, সাহস, ঐক্য ও বীরত্বের প্রতীক হিসেবে পরিচিত সংগঠনটিকে বারবার রাজপথে দমন-পীড়নের শিকার হতে হয়েছে। নেতাকর্মীদের মাসের পর মাস কারাগারে আটক রাখা হয়েছে। রাজনৈতিক কারণে অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্তও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে নানা প্রতিকূলতার মধ্যেও যুবদলের নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলন ও নিজেদের দায়িত্ব থেকে পিছিয়ে যাননি বলে মন্তব্য করেন রিজভী।
তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে যুবদল
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাভিত্তিক যে নতুন রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কর্মকাণ্ড এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে সংগঠনটি কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে নিজেদের গড়ে তুলেছেন। বর্তমানে তাঁরা যুবদলের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন।
ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের পতনেও তাঁদের সাহসী নেতৃত্ব প্রভাবকের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর