নীলফামারীর নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেছেন, কিশোর গ্যাংসহ সামাজিক সব ধরনের অবক্ষয় রোধে সবাইকে সচেতন হতে হবে। শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অভিভাবকদের নজরদারি এবং সঠিক দিকনির্দেশনা একটি আলোকিত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা খাতের উন্নয়ন হলে অন্যান্য সব উন্নয়ন ত্বরান্বিত হবে।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি কিশোরগঞ্জসহ পুরো নীলফামারী জেলার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউল গনি ওসমানীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, অধ্যক্ষ মুকুল হোসেন, প্রধান শিক্ষক হেদায়েত হোসেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক ও মোতালেব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজনসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর