• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০৭:০৯ বিকাল

শুধু নদী খনন নয়, দখল-দূষণ বন্ধেও কার্যকর উদ্যোগ নিতে হবে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শুধু নদী খনন করলেই নদী রক্ষা হবে না। নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখলমুক্ত করা, দূষণের উৎস বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। নদী রক্ষায় সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নেত্রকোণায় নদী রক্ষায় করণীয় শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।

এআরএফবি চেয়ারম্যান ও বেলার নেটওয়ার্ক সদস্য দিলওয়ার খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক দেবযানী ভৌমিক, নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নাজমুল হক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি মো. রাশেদুজ্জামান আজাদ।

সভায় বক্তারা বলেন, নেত্রকোণার নদ-নদীগুলো দখল, দূষণ, ভরাট ও অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে অস্তিত্বসংকটে পড়েছে। বিশেষ করে মগড়া নদীসহ জেলার বিভিন্ন নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ জরুরি। শুধু খনন প্রকল্প বাস্তবায়ন করলেই নদীর দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হবে না। খননের পাশাপাশি নদীর সীমানা চিহ্নিত করে অবৈধ দখল উচ্ছেদ, দূষণ নিয়ন্ত্রণ এবং নদীর সঙ্গে সংযুক্ত খাল ও জলাধারগুলোর প্রবাহ সচল রাখতে হবে।

তাঁরা আরও বলেন, নদী রক্ষায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। নদীতে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা বন্ধ, নিয়মিত পরিবীক্ষণ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি নদী রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে জনসচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

এ ছাড়া সভায় বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বেলার আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল আলম, বেলার প্রজেক্ট ম্যানেজার মোজাফফর ফয়সাল, বেলার ময়মনসিংহ বিভাগীয় কর্মকর্তা উজ্জ্বল কুবি, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক এম. কিবরিয়া চৌধুরী হেলিম, বাসসের জেলা প্রতিনিধি মো. তানভীর হায়াত খান, বারসিকের প্রতিনিধি অহিদুর রহমান, দৈনিক প্রথ ম আ লোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, নেত্রকোণা জেলা জীববৈচিত্র্য পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ও পরিবেশকর্মী মেহেদী হাসান, দৈনিক দেশ কণ্ঠস্বরের প্রকাশক ও প্রকৃতিকর্মী জালাল চৌধুরী এবং সমাজকর্মী মো. আ. আজিজ।

আলোচনা সভায় স্থানীয় পরিবেশকর্মী ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। তাঁরা নদীর বর্তমান অবস্থা, দখল-দূষণ ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নদী রক্ষায় নিজেদের মতামত ও অভিজ্ঞতা প্রকাশ করেন।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]