নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি না হলে আগামীকাল ২৮ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা সৌদিয়া এয়ারলাইন্স।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।
এর আগে, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনার পর ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় সৌদিয়া।
একই নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে রিয়াদগামী সরাসরি ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সও।
ফ্লাইট বন্ধ থাকায় রিয়াদগামী অনেক যাত্রী বিকল্প রুটে জেদ্দা ও মদিনা হয়ে সৌদি আরবে প্রবেশ করেন। এ সময় ফ্লাইটের সময়সূচি পরিবর্তনের জন্য যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কোনো ফি নেওয়া হয়নি বলে দাবি করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।
এদিকে, রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আগে আগামী ৪ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছিল।
তবে সৌদিয়ার ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। নতুন করে কোনো ঝুঁকি তৈরি হলে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর