• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ দুপুর

শেহবাজ শরিফের ১ কেজি স্বর্ণ উঠছে নিলামে

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কিরগিজস্তান থেকে উপহার পাওয়া ১ কেজি খাঁটি স্বর্ণসহ তিন ডজনেরও বেশি সরকারি উপহার রাষ্ট্রীয় তোষাখানায় জমা দিয়েছেন। এসব উপহার উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) পাকিস্তানের ক্যাবিনেট ডিভিশনের প্রকাশিত নথির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত কিরগিজস্তান সফরকালে শেহবাজ শরিফকে ১ হাজার গ্রাম খাঁটি স্বর্ণের একটি বাক্স উপহার দেওয়া হয়। পরে ৮ সেপ্টেম্বর সেটি তোষাখানায় জমা দেন তিনি।

প্রধানমন্ত্রীর জমা দেওয়া অন্যান্য উপহারের মধ্যে রয়েছে হাতে তৈরি রেশম ও পশমের কার্পেট, অলংকৃত ফুলদানি, শোভাবর্ধক প্লেট, কাফলিঙ্ক, টাই, ক্যালিগ্রাফি, চিত্রকর্ম, রওজা-ই-রাসূল (সা.)-এর প্রতিকৃতি, টুপি, ঘড়ি, তসবিহ, গাড়ির মডেল, কম্বল, ক্রিস্টাল শিল্ড, বই, ওদ সুগন্ধি, অলিভ অয়েল, সাবান, স্কার্ফ এবং কাপ-পিরিচ।

জারদারিসহ অন্য কর্মকর্তাদের উপহার জমা

একই সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও তোষাখানায় সাতটি উপহার জমা দিয়েছেন। এসব উপহারের মধ্যে রয়েছে কার্পেট, তিরন্দাজির সরঞ্জাম, বাদ্যযন্ত্র, ফয়সাল মসজিদের বাঁধাই করা ছবি, দাবার সেট এবং বিভিন্ন আলংকারিক সামগ্রী।

এ ছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও তাঁদের পাওয়া সরকারি উপহার তোষাখানায় জমা দিয়েছেন।

নিলামের অর্থ ব্যয় হবে মেয়েদের শিক্ষায়

২০২৬ সালের সেপ্টেম্বরে জারি করা তোষাখানা (ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের পাওয়া এসব উপহার উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করতে হবে। নিলাম থেকে অর্জিত অর্থ পাকিস্তানের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চলের মেয়েদের প্রাথমিক শিক্ষার প্রসারে ব্যয় করা হবে। এ জন্য অর্থ একটি পৃথক অ্যাকাউন্টে জমা রাখা হবে।

নতুন বিধিমালা অনুযায়ী, বিদেশ সফর থেকে ফেরার ৩০ দিনের মধ্যে সরকারি কর্মকর্তাদের প্রাপ্ত উপহার তোষাখানায় জমা দিতে হবে। আর উপহার আলাদাভাবে পাঠানো হলে তা জমা দেওয়ার সময়সীমা হবে ৬০ দিন।

কূটনৈতিক প্রটোকল কিংবা সাংস্কৃতিক কারণে কোনো উপহার প্রত্যাখ্যান করা কঠিন হলে সেটিও তোষাখানায় জমা দেওয়া বাধ্যতামূলক।

উল্লেখ্য, পাকিস্তান সরকারের ক্যাবিনেট ডিভিশন পরিচালিত রাষ্ট্রীয় তহবিলের নাম তোষাখানা। বিদেশি রাষ্ট্রপ্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে সরকারি কর্মকর্তারা যেসব উপহার পান, সেগুলো এই তহবিলে সংরক্ষণ করা হয় এবং সেগুলোর হিসাব রাখা হয়।

সূত্র: গালফ নিউজ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com