সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, তাঁদের বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তাঁর দাবি, হামলাটি সফল হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
অন্যদিকে, সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, একই দিনে হুতিদের নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বেড়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুতিরা।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটও বিভিন্ন সময়ে হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।
সর্বশেষ এই হামলার দাবি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হলেও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর