কুমিল্লার বুড়িচং উপজেলায় অসুস্থ স্বামীকে নিয়ে স্ত্রী ও মেয়ে হাসপাতালে থাকায় বাড়ি ফাঁকা পেয়ে চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটক ও দুটি কক্ষের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, সম্পত্তির দলিল ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের ডেঙ্গু মিয়ার বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগী মফিজুল ইসলামের স্ত্রী আইরিন আক্তার বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে প্রতিবেশীদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এরপর মফিজুল ইসলাম স্ট্রোক করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর দুই ছেলে প্রবাসে থাকায় স্বামীর সেবার জন্য স্ত্রী আইরিন আক্তার ও মেয়ে তানজিনা আক্তার হাসপাতালে অবস্থান করছিলেন। এ সময় বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে চুরি করে বলে পরিবারের দাবি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বাড়িতে ফিরে তাঁরা প্রধান ফটক ও দুটি ঘরের তালা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। স্টিলের আলমারিতে রাখা নগদ টাকা, স্বর্ণালংকার ও সম্পত্তির দলিলসহ বিভিন্ন মালামাল খোয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, মফিজুল ইসলাম অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় বাড়িটি ফাঁকা ছিল। আমি ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঘটনাটি দেখেছি। বাড়ির সবাই হাসপাতালে থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, মফিজুল ইসলাম ও তাঁর চাচাতো ভাইদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল, যা মীমাংসার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে কারা এই চুরির সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বুড়িচং থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হক বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর