মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে নেত্রকোনায় ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। আর হেলমেট ছাড়া চালকদের সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে হেলমেটও বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে নেত্রকোনা শহরের ব্যস্ততম সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
‘হেলমেট ব্যবহার মৃত্যু ঝুঁকি কমায়’ এবং ‘পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পরুন’—এমন স্লোগান সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে পুলিশ সুপার নিজ হাতে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিতে মোটরসাইকেল চালানো এবং চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ সময় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষের প্রাণহানি ঘটছে। এসব দুর্ঘটনায় মোটরসাইকেল চালকদের ঝুঁকি তুলনামূলক বেশি। সামান্য অসতর্কতা কিংবা হেলমেট ব্যবহার না করার কারণে একটি দুর্ঘটনা কেড়ে নিতে পারে মূল্যবান জীবন। একজন মোটরসাইকেল চালক বেঁচে থাকলে তাঁর পরিবারও নিরাপদ থাকে। তাই নিজের জীবন ও পরিবারের কথা চিন্তা করেই প্রত্যেক চালককে হেলমেট ব্যবহার করতে হবে।
তিনি আরও বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয়। তবে শুধু আইন প্রয়োগ করে নয়, মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করাও জরুরি। এ লক্ষ্যেই জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ এ উদ্যোগ নিয়েছে।
কর্মসূচিতে হেলমেটবিহীন কয়েকজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাৎক্ষণিকভাবে তাঁদের হেলমেট দেওয়া হয়। একই সঙ্গে চালক ও আরোহীদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
পুলিশের কাছ থেকে ফুল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মোটরসাইকেল চালকেরা। তাঁদের একজন বলেন, পুলিশ গাড়ি থামানোর সংকেত দিলে প্রথমে ভেবেছিলাম, হয়তো কোনো অপরাধে ধরা পড়েছি। কিছুটা ভয়ও পেয়েছিলাম। পরে পুলিশ সুপার নিজ হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানালে অবাক হয়েছি। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে চালকেরা হেলমেট ব্যবহারে উৎসাহিত হবেন।
কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর