রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশটিকে ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ক্ষেপণাস্ত্রের আনুমানিক মূল্য ২১০ কোটি ডলার। শুক্রবার (৩০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের ক্ষেত্রে এটি অন্যতম বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে অনুমোদন দেওয়া হলেও ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত ইউক্রেনে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় দীর্ঘদিন ধরে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানিয়ে আসছে কিয়েভ। বিশেষ করে দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্যাট্রিয়ট ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সোমবার জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদনের জন্য প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রের অপেক্ষায় রয়েছে তাঁর দেশ। এ সময় রাশিয়া ইউক্রেনের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোয় হামলা জোরদার করেছে।
তবে ক্ষেপণাস্ত্র সরবরাহের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে উৎপাদন ও সময়সীমা। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে জানা গেছে, অনুমোদিত ক্ষেপণাস্ত্রগুলো এখনো তৈরি হয়নি। ফলে ২০৩০-এর দশকের শুরুর দিকের আগে এগুলো ইউক্রেনে পৌঁছানোর সম্ভাবনা কম।
এই বিলম্ব কমাতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কাছে সরবরাহের সময় এগিয়ে আনার আহ্বান জানিয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে থাকা কিছু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আগেই ইউক্রেনকে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। পরে নতুন উৎপাদিত ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন মজুত পূরণ করার পরিকল্পনা রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, কানাডা, জার্মানি ও নরওয়ের অর্থায়নে ইউক্রেন এসব ক্ষেপণাস্ত্র কিনবে। এ ছাড়া ‘ইউএস জাম্পস্টার্ট’ কর্মসূচি এবং ইউরোপীয় ইউনিয়নের ‘ইউক্রেন সাপোর্ট লোন’ প্রকল্পের অর্থও ব্যবহার করা হবে।
রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো। অস্ত্র, সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন সেই সহযোগিতারই অংশ।
সূত্র: রয়টার্স
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর